দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার ময়নামতি এলাকায় মহাসড়কে উল্টোপথে চলাচলকারী থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ জুন সকালে কুমিল্লা-ঢাকা মহাসড়কের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার একটি টহল দল উল্টোপথে চলাচলকারী কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (ইজিবাইক ও অটোরিকশা) আটক করে আইনগত ব্যবস্থা নেয়।
পরে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে নিমসার আমবাজার এলাকায় একটি অটোট্রলি উল্টোপথে ঢুকে যানজট সৃষ্টি করলে পুলিশ চালকের পরিচয় জানতে চায়। পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় সেটি আটক করা হয়।
আটক করা অটোট্রলি সরানোর সময় চালক হঠাৎ সামনে এসে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে অটোট্রলি উল্টে গিয়ে সামনের অংশের কাচ ভেঙে তিনি সামান্য আহত হন বলে পুলিশ জানায়।
এরপর ওই ঘটনার জেরে স্থানীয় থ্রি-হুইলার চালকসহ প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন। হামলাকারীরা পুলিশের একটি ডাবল কেবিন পিকআপ ভাঙচুর করে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে কুমিল্লা জেলা পুলিশ জানায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই